বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি আরব বাংলাদেশের সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:২৪ পিএম

সৌদি আরব বাংলাদেশের সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে

বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘদিনের বিশেষ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে সৌদি আরব গভীরভাবে মূল্যায়ন করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের এই নিবিড় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের বিদ্যমান মৈত্রীতে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত। সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ দেশটির বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বলেন, জাতীয় দিবস প্রত্যেক সৌদি নাগরিকের জন্য এক অনন্য গৌরবময় মুহূর্ত। এই বিশেষ দিনে দেশটির প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন আবদুর রহমান আল সৌদের নেতৃত্বে ঐতিহাসিক ঐক্যের সূচনা এবং আধুনিক সৌদি আরব গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সোনালী অর্জনগুলোকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সৌদি আরবের বর্তমান রূপান্তর নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, বর্তমান নেতৃত্বের দিকনির্দেশনায় দেশটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এক যুগান্তকারী ধাপ অতিক্রম করছে। বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গতিশীল নেতৃত্বে দেশটি সৌদি ভিশন ২০৩০-এর দূরদর্শী ও উচ্চাভিলাষী লক্ষ্যপূরণে টেকসই গতিতে এগিয়ে চলছে।

বার্তায় আরও জানানো হয়, রাষ্ট্রীয় অর্থনীতির বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ, পর্যটন, সংস্কৃতি, সর্বাধুনিক প্রযুক্তি, গণশিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিকদের সামগ্রিক জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে সৌদি আরব এখন বহুমুখী সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রদূতের মতে, এসব ঐতিহাসিক অগ্রগতি সৌদি আরবের জনসাধারণের অটল সংকল্প ও অমিত সম্ভাবনার বাস্তব প্রতিফলন।