সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে পাচারকাজে যুক্ত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে মীরসরাই থানার ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মীরসরাইয়ের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় ট্রাক থেকে অবৈধভাবে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল।
ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ৯৬০টি বস্তায় মোট ৪৮ হাজার কেজি ইউরিয়া সার ছিল, যার বাজারমূল্য আনুমানিক ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
জব্দ করা সার ও যানবাহনের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত ও সমুদ্রপথে চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন