মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সদস্যবৃন্দের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যাবলী তুলে ধরা হয়। এছাড়া ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর-সংস্থাসমূহের ভিশন, মিশন, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে বিস্তারিত অবহিত করা হয়। উপস্থাপিত এসব বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দ। মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের মসজিদসমূহের বিদ্যুৎ ব্যবহারের একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা এবং মসজিদগুলোতে রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা।

এছাড়া সরকারি খরচে যে সকল ব্যক্তি হজ করতে যান, তাদের জন্য একটি স্বচ্ছ নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘ দিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র দ্রুত বদলি করার সুপারিশও করা হয়, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও অন্যান্য কার্যক্রম আরও নিশ্চিত করা সম্ভব হয়। বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।