বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
দ্বিপক্ষীয় সম্পর্ক

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: মন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৫:৫৮ পিএম

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: মন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ফ্রান্সের খ্যাতনামা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়েও আলোচনা হয় এবং এ বিষয়ে মন্ত্রী ও রাষ্ট্রদূত উভয়েই সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বৈঠকে উল্লেখ করেন যে বাংলাদেশের অবকাঠামো, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর মাধ্যমে দুই দেশের মধ্যকার উন্নয়ন অংশীদারত্বকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব।

বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পগুলো হলো—সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্ট (তৃতীয় পর্যায়), ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প (তৃতীয় পর্যায়), চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প ফর নর্থ কাট্টলী ক্যাচমেন্ট এবং ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প।

জানা গেছে, এসব প্রকল্পে প্রকল্প সহায়তা হিসেবে ফ্রান্স প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা অর্থায়ন করছে। এছাড়া ফ্রান্সের সহায়তায় বাংলাদেশের শহর ও পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ‘ওয়াটার সাপ্লাই, ইনক্লুসিভ স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন সেভেন টাউনস অব বাংলাদেশ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।