মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক জানালেন ইশরাক হোসেন

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৯:৪৮ পিএম

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক জানালেন ইশরাক হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এই শোক জ্ঞাপন করেন।

শোকবার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সাবেক সফল সংসদ সদস্য, ঢাকা মহানগর বিএনপির অন্যতম শীর্ষ কাণ্ডারি ও কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের আকস্মিক প্রয়াণে তারা গভীরভাবে স্তব্ধ ও শোকাচ্ছন্ন। বিশেষ করে ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মাটি ও মানুষের সামগ্রিক উন্নয়ন এবং ঢাকা মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজপথের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অকুতোভয় নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মরহুমের রাজনৈতিক অভিভাবকত্বের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর চলে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে ঢাকা মহানগরীর রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা ও ক্ষতির সৃষ্টি করেছে।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানান যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করা হয়।

একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।