সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:৩৮ পিএম
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সংবিধান আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এই আদেশের ওপর জনগণের বৈধতা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপে এ বিষয়টি উত্থাপন করা হয়। এর আগে গত রোববার বিশেষজ্ঞরা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে এই পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে, যেখানে জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত থাকবে। এই আদেশটি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। যদি জনগণের অনুমোদন পায়, তবে এটি প্রণয়ন তারিখ থেকেই বৈধ হিসেবে গণ্য হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন