সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ক্ষমা চাইলেন আমির হামজা, সতর্ক করল জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৫১ পিএম

ক্ষমা চাইলেন আমির হামজা, সতর্ক করল জামায়াত

ছবি - সংগৃহীত

দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা অবশেষে তার সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে তিনি শুধুমাত্র কোরআনের তাফসিরের ওপর মনোনিবেশ করবেন এবং কোনো ধরনের বিতর্কিত রাজনৈতিক বা তুলনামূলক মন্তব্য থেকে বিরত থাকবেন। তার এই ক্ষমা চাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মুফতি আমির হামজা স্বীকার করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তার করা মন্তব্যগুলো ভুল ছিল। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের পরিবর্তে সলিমুল্লাহ মুসলিম হলের কথা বলতে গিয়েছিলেন, কিন্তু মুখ ফসকে মুহসিন হলের নাম বলেছেন।

এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতলে পানি খাওয়ার বিষয়ে তার মন্তব্য ভুল প্রমাণিত হলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ওয়াজ মাহফিলে তুলনা করে কথা বলতে গেলেই ভুল হয়ে যায় এবং এ কারণে তিনি এখন থেকে সতর্ক থাকবেন।

আওয়ামী লীগ সরকারের আমলে আড়াই বছর কারাভোগ করার অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, জেলখানায় শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, যার ফলে কথা বলার সময় ভুল হয়ে যায়। তার এই বক্তব্য সমাজে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া তার বিতর্কিত বক্তব্যের জন্যও তিনি ক্ষমা চেয়েছেন। তিনি জানান, মা হাওয়া (আ.)-এর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি তুলনা হিসেবে এই মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনো মন্তব্য আর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, মুফতি আমির হামজা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তার বিতর্কিত মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছিল।