সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:৪৯ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যে, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে আয়োজিত এক নৈশভোজ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তাসহ বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি এবং ভবিষ্যতের যেকোনো সরকারকে এর টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান।
-
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচিত হলে তা আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্তব্য করেন, বর্তমান শ্রম উদ্যোগ শুধু অব্যাহত নয়, বরং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়া উচিত।
তিন রাজনৈতিক নেতার বক্তব্যে একটি সাধারণ বিষয় উঠে আসে—বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।
ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ নেতা ডা. তাসনিম জারা রানা প্লাজা দুর্ঘটনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আইএলও মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন