রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী সরকারের মন্ত্রী হতে চান না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৬:০৫ পিএম

আগামী সরকারের মন্ত্রী হতে চান না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

ছবি - সংগৃহীত

আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার আগ্রহ মূলত শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার দিকে।মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।”তিনি জানান, উপদেষ্টা হওয়ার আগে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। সেখানে তার জন্য এখনও রুমটি সংরক্ষিত আছে।

এমনকি "ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিলো, সেটিও এখনও পুলে ফেরত দেইনি," তিনি বলেন।তিনি আরও বলেন, “ওই গাড়ির ড্রাইভার এখনও আমাকে ফোন করে বলে স্যার, আপনি বললেই আমি গাড়ি নিয়ে আসবো। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।”

নিজের পেশাগত জীবনের সততার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যেখানেই কাজ করেছি সততার সাথে করেছি। সব সরকারের সময়ই আমি ভালো ভালো জায়গায় কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো। সর্বশেষ গভর্নর হয়েও তিন সরকার পেয়েছি।”

নিজের বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, “বন্ধুর সঙ্গে গতকালও কথা হয়েছে। তবে সে কি হবে তা জানি না।”