অক্টোবর ৯, ২০২৫, ০৭:০৬ পিএম
দেশের রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা সম্বলিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৫ অক্টোবর, বুধবার, স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এই সনদে স্বাক্ষর করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস এই ঐতিহাসিক অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।এর আগে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বুধবার রাতে দলগুলোর সঙ্গে কমিশনের পঞ্চম ও শেষ দফার দীর্ঘ আলোচনাও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এই প্রেক্ষাপটে, কমিশন নিজেদের বর্ধিত মেয়াদের শেষ দিকে এসে সনদটি স্বাক্ষরের জন্য দিন নির্ধারণ করল।
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত পাঁচটি বৈঠকের মতামত বিশ্লেষণ করে সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে একটি সুপারিশসহ চূড়ান্ত সনদটি শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।বৃহস্পতিবারের বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন