রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ১১:২১ পিএম

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

ছবি - সংগৃহীত

গাজাগামী মানবিক ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ অন্যান্য আন্তর্জাতিক কর্মীদের ইসরায়েলের (কুখ্যাত) কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহিদুল আলমের প্রতিষ্ঠান ‘দৃক’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দৃক জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলে আটককৃতদের আইনি সহায়তা প্রদানকারী মানবাধিকার সংস্থা ‘আদালাহ’-এর মাধ্যমে তারা জানতে পেরেছে, বুধবার আটক করার পর সকল সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও মানবাধিকারকর্মীকে প্রথমে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের বৃহত্তম আটককেন্দ্র কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আটককৃত অধিকারকর্মীরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।”উল্লেখ্য, কেৎজিয়েত কারাগারটি ফিলিস্তিনি বন্দিদের ওপর ব্যাপক নির্যাতন-নিপীড়নের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

এর আগে বুধবার সকালে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌ-কমান্ডোরা ‘দ্য কনসায়েন্স’ নামের জাহাজটিসহ মোট ৯টি নৌযানের বহর আটক করে, যেখানে শহিদুল আলমসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক ও অধিকারকর্মীরা ছিলেন। এদিকে, বহরে থাকা ফ্রান্স, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ইতোমধ্যে ইসরায়েল থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।