অক্টোবর ১০, ২০২৫, ০৮:৫০ পিএম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আগামীকাল শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদুল আলমকে বহনকারী তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা। ফ্লাইটটি আগামীকাল শনিবার সকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইসরায়েল থেকে একটি বিশেষ ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম।
সেখানে তাকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।উল্লেখ্য, গত বুধবার গাজাগামী ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনী শহিদুল আলমকে আটক করে। এরপর বাংলাদেশ সরকারের আহ্বানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরাসরি হস্তক্ষেপে তার মুক্তি নিশ্চিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন