রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের কফিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০১:৪৯ পিএম

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের কফিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ছবি - সংগৃহীত

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টা থেকে তার মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে নামে সর্বস্তরের মানুষের ঢল।

শিক্ষক, শিক্ষার্থী, লেখক, শিল্পী, রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে এই জ্ঞানতাপসের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন এবং সবশেষ বিভাগটির ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও সাহিত্য জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।