অক্টোবর ১২, ২০২৫, ১০:৩৭ এএম
শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে সারাদেশে একযোগে শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম।
এই ক্যাম্পেইনের আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাধ্যমে সকল স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই টিকা পাওয়া যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো অজুহাতে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না যায়।”
তিনি জানান, অনলাইন নিবন্ধনে আশানুরূপ সাড়া না পাওয়ায়, এখন থেকে নিবন্ধন ছাড়াই সকল শিশুকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও প্রতি বছর বহু শিশু এই রোগে আক্রান্ত হয় এবং অনেকে মারাও যায়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও অসুস্থতা রোধ করতেই এই বিশাল টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, এই টিকার মান শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং এটি পাকিস্তান ও নেপালে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। তিনি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ানো এই রোগ থেকে শিশুদের বাঁচাতে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন