অক্টোবর ১৪, ২০২৫, ১০:৪৬ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের আগে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে দেশের প্রায় ৩০টি রাজনৈতিক দলের দপ্তরে এই চূড়ান্ত অনুলিপি পৌঁছে দেওয়া হয়।
কমিশন সূত্রে জানা গেছে, এই চূড়ান্ত অনুলিপিতে মূলত দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপে সম্মত হওয়া ৮৪টি সংস্কার প্রস্তাবই অন্তর্ভুক্ত রয়েছে। তবে, সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে—যেমন গণভোট কবে বা কোন পদ্ধতিতে হবে—সেই সংক্রান্ত কোনো সুপারিশ এই সনদের অংশে থাকছে না। কমিশন জানিয়েছে, বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে তাদের সুপারিশমালা তারা পরবর্তীতে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে পৃথকভাবে জমা দেবে।
এর আগে, গত ১১ অক্টোবর এক বৈঠকে জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) নির্ধারণ করা হয়। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণের সুবিধার্থেই সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠানটি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কমিশন।
আগামী শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন