রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৫:৫৯ পিএম

ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-কে নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর ‘তৌহিদী জনতা’র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা ইসকনের বিরুদ্ধে দেশজুড়ে সহিংসতা, হত্যা, হুমকি, অপহরণ এবং বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের হয়। এ ছাড়াও দেশের বিভিন্ন জেলার প্রধান প্রধান মসজিদগুলো থেকেও খণ্ড খণ্ড মিছিল বের করার খবর পাওয়া গেছে। ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইন্তিফাদা বাংলাদেশ’ নামে একটি সংগঠন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ থেকে সংগঠনটির নেতারা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গাজীপুরে ধর্ষণের ঘটনা ঘিরে সৃষ্ট পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা। একইসাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। দ্বিতীয় দাবিতে, টঙ্গী এলাকায় সংঘটিত অপহরণ ও হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলা হয়।

অন্যান্য দাবির মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ রোধে জাতীয় নীতি প্রণয়ন, মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট আইনি কাঠামো গঠন এবং ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ইমাম ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।