অক্টোবর ২৫, ২০২৫, ১২:০৪ পিএম
মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে নামার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় ও নদী তীরবর্তী জেলেরা। গত কয়েক দিন ধরে মাছ ধরার নৌকা, ট্রলার মেরামত এবং ছেঁড়া জাল সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করেছেন তারা। শনিবার মধ্যরাত ১২টা ১ মিনিট থেকেই জেলেরা ইলিশ শিকারে নামতে পারবেন, তাই মেঘনা ও তেঁতুলিয়া নদীর পাড়ে সারি সারি নৌকা আর ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় গত ৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করে সরকার। এই ২২ দিন সারা দেশে ইলিশ মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। দীর্ঘ এই সময় মাছ ধরা থেকে বিরত থাকায় অনেক জেলের পরিবারেই দেখা দেয় আর্থিক সংকট। জেলেরা জানান, প্রতি মৌসুমেই তাদের ধার-দেনা করে জাল ও নৌকা মেরামতের কাজ সারতে হয়। এবারও অনেকে ঋণ নিয়ে নৌকা মেরামত করেছেন এবং নতুন জাল কিনেছেন।
কেউ কেউ পুরোনো জালকেই বারবার মেরামত করে মাছ ধরার উপযোগী করেছেন। তারা আশাবাদী, নিষেধাজ্ঞা শেষে নদীতে প্রচুর মাছ পাবেন এবং সেই মাছ বিক্রি করে দ্রুতই লোনের টাকা পরিশোধ করতে পারবেন।এদিকে, নিষেধাজ্ঞা কার্যকর করতে এ বছর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড কঠোর অবস্থানে ছিল।
নিষেধাজ্ঞার সময়কালে, শুধু একটি জেলার সাতটি উপজেলাতেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আইন অমান্য করে মাছ শিকারের দায়ে দুই শতাধিক জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। দীর্ঘ বিরতির পর জেলেরা এখন মাছের আশায় নদীতে নামার প্রহর গুনছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন