বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৫:০৪ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রথম ধাপে মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী, প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগের শূন্য পদগুলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিভাগগুলো হলো— রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পরবর্তী ধাপে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে। এরপর ৩১ আগস্ট আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ গঠিত হয়। এই কমিটির চেয়ারম্যান হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব হলেন অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক।

সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা বিলম্ব ঘটে। পরবর্তীতে ত্রুটি সংশোধন করে ২ নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করা হয়। নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

নতুন বিধিমালা অনুসারে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে হবে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে সম্পন্ন হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক— উভয় পদের প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।