নভেম্বর ৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উন্নয়নশীল দেশগুলোকে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাইরের অর্থায়ন না থাকলেও এই দেশগুলোকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে এবং এক্ষেত্রে কমিউনিটির ক্ষমতায়ন ও মানুষকেন্দ্রিক নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
গত মঙ্গলবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে মোভেনপিক সেন্টোরাস-এ আয়োজিত ২৮তম সাসটেইনেবল ডেভেলপমেন্ট কনফারেন্সের সম্মানিত অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই)।তিনি মন্তব্য করেন, মানুষ যদি জলবায়ু বিপর্যয়ের শিকার হয় এবং নিরাপদ পানি না পায়, তবে তথাকথিত উন্নয়নের কোনো অর্থ থাকে না। তাই তিনি ব্যয়বহুল মেগা প্রকল্প থেকে সরে এসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
রিজওয়ানা হাসান উল্লেখ করেন, সরকার, সিভিল সোসাইটি ও বেসরকারি খাত একযোগে কাজ করলে জনগণের হতাশা ইতিবাচক পরিবর্তনের শক্তিতে রূপ নিতে পারে। তার মতে, সহযোগিতা, আচরণগত পরিবর্তন এবং নতুন করে জনআস্থা অর্জনের মাধ্যমে প্রকৃত স্থিতিস্থাপকতা গড়ে তুলতে হবে একদম নিচ থেকে।
তিনি সতর্ক করে দেন যে তীব্র রাজনৈতিক বিভাজন এবং সংকীর্ণ স্বার্থপরতা জাতীয় ও আঞ্চলিক অগ্রাধিকারকে দুর্বল করে দিচ্ছে। ফলে যৌথ অগ্রগতির সুযোগ হাতছাড়া হচ্ছে। শ্রীলঙ্কা থেকে নেপাল পর্যন্ত সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন অস্থিরতাই হতে পারে শাসনব্যবস্থা পুনর্বিবেচনা, অর্থনৈতিক পথপরিক্রমা নতুন করে নির্ধারণ এবং তরুণ নেতৃত্বকে এগিয়ে আনার সুযোগ
বিশ্বব্যাপী তরুণদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আজকের যুবসমাজ শুধু জলবায়ু ন্যায়বিচারই নয়, তারা গণতন্ত্র, স্বাধীনতা ও মর্যাদাও দাবি করছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতের পৃথিবীতে যেখানে খাদ্য-পানির সংকট, চরম আবহাওয়া এবং জলবায়ু বাস্তুচ্যুতি বাড়বে—তা পরবর্তী প্রজন্মের জন্য অসহনীয় হবে, যদি এখনই কাঠামোগত সংস্কার আনা না হয়।
এসডিজি ও জলবায়ু অর্থায়ন প্রসঙ্গে তিনি বৈশ্বিক প্রতিশ্রুতির ঘাটতি তুলে ধরে বলেন, “উন্নয়নশীল দেশগুলোকে একটি সুন্দর এসডিজি মেন্যু দেওয়া হয়েছে, কিন্তু অর্ডার দেওয়ার মতো সম্পদ দেওয়া হয়নি।” তিনি অন্ত:সারশুন্য ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ এবং জলবায়ু ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচারের বদলে ঋণ দেওয়ার নীতির তীব্র সমালোচনা করেন।
অনুষ্ঠানে ২৩টি দেশের প্রতিনিধিদের স্বাগত জানান পাকিস্তানের অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি। এছাড়াও বক্তব্য রাখেন এসডিপিআই-এর নির্বাহী পরিচালক ড. আবিদ কিউ. সুলেরি এবং পাথ-এর এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলের প্রধান নাবিল গোহীর।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন