নভেম্বর ২১, ২০২৫, ১০:২৮ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোট ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে সর্বশেষ দলীয় সূত্র জানিয়েছে, তাদের মোট ১৫ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
সেই হিসেবে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।গত ৬ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে এনসিপি।
প্রাথমিক ঘোষণা অনুযায়ী, মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল ১৩ নভেম্বর। এরপরদিন শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণির মানুষ ফরম সংগ্রহ করছেন। মানুষের আগ্রহ বিবেচনায় মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছিল। তবে মনোনয়ন ফরম সংগ্রহের বর্ধিত সময় শেষ হওয়ার পর সংশ্লিষ্ট নেতারা গত শুক্রবার জানান, মোট কতটি ফরম বিক্রি হয়েছে—তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, হিসাব শেষে তা বিস্তারিত জানানো হবে।
এনসিপির আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় 'জুলাইযোদ্ধা' ও নিম্ন–আয়ের ব্যক্তিদের জন্য এই মূল্য মাত্র ২ হাজার টাকা রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়, মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল), বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে অথবা দলীয় ওয়েবসাইট (nomination.ncpbd.org) থেকে আবেদন ফরম সংগ্রহের সুযোগ পেয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন