সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হিলিতে ২ হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৮:১৯ পিএম

হিলিতে ২ হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ধানের শীষের শক্তি প্রদর্শনে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

এই শোভাযাত্রাটি বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে আয়োজন করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেলের বিশাল বহর একসঙ্গে শোভাযাত্রা শুরু করে।

শোডাউনটি হাকিমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পুরো শোভাযাত্রা জুড়েই ছিল 'ধানের শীষ বিজয় চাই', 'গণতন্ত্র ফিরিয়ে দাও'সহ নানা স্লোগানের মুখরতা।শোডাউনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন। বিভিন্ন স্থানে সাধারণ মানুষও শোভাযাত্রাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন।

হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, "দিনাজপুর-৬ আসনে আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আজকের মোটরসাইকেল শোডাউন সেই ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ। দুই হাজারের বেশি মোটরসাইকেলের অংশগ্রহণ দেখেই বোঝা যায়, হিলিতে ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা কত গভীর।"

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এটি ছিল শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ শোভাযাত্রা, যা ধানের শীষের প্রচার-প্রচারণাকে আরও বেগবান করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর বিএনপির এমন শক্তিশালী উপস্থিতি হিলির নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দিতার বার্তা দিয়েছে।