নভেম্বর ২৯, ২০২৫, ১১:৩০ পিএম
রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) বাদ এশা বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ধানমন্ডিস্থ বাসভবনে এই আয়োজন করে মান্নান–নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এই দোয়া মাহফিলে দোহার–নবাবগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, "বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।" মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়।
মেডিকেল বোর্ডের সদস্য জানান, তার চিকিৎসা নিতে সময় লাগছে এবং লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্রোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন