ডিসেম্বর ১, ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।গতকাল রোববার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নতুন বোর্ডের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।
আবদুল আউয়াল মিন্টু জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
জটিলতা: সাবেক প্রধানমন্ত্রী ফুসফুসে সংক্রমণ থেকে সৃষ্ট শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর দেখা দেয় নিউমোনিয়া। তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে, ফলে একটির চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।পর্যবেক্ষণ: মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে।
তার শরীর ক্রিয়াশীল আছে এবং দুয়েকটি কথাও বলেছেন।গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার ও দলের পক্ষ থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আলোচনা আছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন