সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন ভণ্ডুল হলে ২৪-এর আন্দোলন হোঁচট খাবে: ফরহাদ হোসেন আজাদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৪১ পিএম

নির্বাচন ভণ্ডুল হলে ২৪-এর আন্দোলন হোঁচট খাবে: ফরহাদ হোসেন আজাদ

ছবি-দিনাজপুর টিভি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্যে অতিক্রম করছে। আমরা সবাই প্রত্যাশা করছি দেশে একটি সুষ্ঠু নির্বাচন।

কিন্তু কিছু দল ও বিভিন্ন ব্যক্তি অজুহাত তুলে নির্বাচন যেন না হয়, সেজন্য অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। নির্বাচন যদি ভণ্ডুল হয়, তাহলে আমাদের প্রত্যাশা ও ২৪-এর আন্দোলনের প্রত্যাশা হোঁচট খাবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজ চত্বরে, ছাত্রদল পাথরাজ সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামণায়।

দোয়া মাহফিল এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাজনৈতিক সরকার গঠন, বৈষম্যবিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠা, মেধার ভিত্তিতে কর্মের সংস্থান সহ সু-শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর সফল দেশ গঠনে সবার প্রতি আহ্বান জানান।

ফরহাদ হোসেন আজাদ নারী অধিকার প্রসঙ্গে বলেন, "একটি দল নারীদের ৫ ঘণ্টা কর্মের কথা বলে, তাদের ঘরে বন্দি করতে চায়। কিন্তু আমাদের মা-বোনেরা কেন ৮ ঘণ্টা কর্মে থাকতে পারবে না? ওই দলটি নিজের প্রতিষ্ঠানে মেয়েদের ৮ ঘণ্টা কাজ করিয়ে নিচ্ছে, আর দেশের নারীদের ৫ ঘণ্টা কাজের কথা বলে দ্বিচারিতা করছে।"তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে চিকিৎসার সুব্যবস্থা সহ নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আমরা নারীদের স্বনির্ভর করে গড়ে তুলতে চাই।"

তিনি তরুণদের উদ্দেশে বলেন, বিএনপি সরকার গঠন করলে ক্ষমতায় যাওয়ার প্রথম ১৮ মাসে দেশের ১ কোটি বেকার যুব-যুবতির চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।আজাদ অভিযোগ করেন, ওই দলটি তাদের দলকে সমর্থন না করায় ইসলামী ব্যাংক থেকে অনেককে চাকরিচ্যুত করেছে। প্রাইমারি স্কুলের সংগীত শিক্ষক নিয়োগ বন্ধে পাঁয়তারা করছে, আমাদের সংস্কৃতি নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, "একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দিবাস্বপ্ন দেখছে, অথচ তারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা-বোনদের খান বাহিনীর হাতে তুলে দিয়েছে।" তিনি সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারীর করা মন্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, যারা বাংলাদেশ মানেনি, জাতীয় সংগীত মানেনা, তাদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী সহ সকলকে গ্রামে গ্রামে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রদল কলেজ শাখার সভাপতি আল মুরসালীন বিল্লাহ তাওহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আবদুল্লাহ আল মারুফ অনু, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামণায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।