সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন সফরসঙ্গী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:৩৭ পিএম

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন সফরসঙ্গী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানা গেছে, কাতারের আমির কর্তৃক প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাত বা আগামীকাল শুক্রবার ভোরের মধ্যেই তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

তার দীর্ঘ যাত্রাপথে চিকিৎসা নিশ্চিত করা ও সার্বক্ষণিক পরিচর্যার জন্য মোট ১৪ জন সফরসঙ্গী তার সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন তার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

তার দেয়া তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার এই ১৪ জন সফরসঙ্গীর তালিকায় রয়েছেন পরিবারের সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক এবং দলের ঘনিষ্ঠজনরা।

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান। এছাড়া চিকিৎসকদের মধ্যে আছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল এবং ডা. মোহাম্মদ আল মামুন। এই চিকিৎসকদের একটি দল যাত্রা পথে খালেদা জিয়ার অবস্থার ওপর নিবিড় নজর রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া ব্যক্তিগত পরিচর্যা ও অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য আরও থাকছেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক থাকলে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল শুক্রবারের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। শুক্রবার সম্ভব না হলে আগামী শনিবারের মধ্যে অবশ্যই তাকে লন্ডন নেওয়া হবে। তবে আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।

তিনি এও জানান, চিকিৎসকদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমেই এই যাত্রা নির্ধারিত হয়েছে এবং লন্ডনের একটি নির্দিষ্ট হাসপাতালে তার চিকিৎসা কার্যক্রম চলবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া এবং গত ৬ মে দেশে ফেরেন। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকে সেখানেই তার চিকিৎসা চলছে।