সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:০৬ পিএম

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি

অনিবার্য কোনো কারণ ছাড়া জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া অসুস্থ, এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর কোনো আবেদন করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন,

"অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, "বেগম জিয়া অসুস্থ। তার জন্য দোয়া করছি। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটা বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।" তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্ব চায় না। তিনি (খালেদা জিয়া) দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা দ্রুত নির্বাচন চাই। যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া।

নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচন সংক্রান্ত দলের অবস্থান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রাজনীতিতে যখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ চলছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে, তখন বিএনপির পক্ষ থেকে যথাসময়ে নির্বাচনের পক্ষে এমন অবস্থান নেওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।