সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেট বিভাগের ৪ আসনে মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২৫ পিএম

সিলেট বিভাগের ৪ আসনে মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট বিভাগের স্থগিত থাকা ৫টি আসনের মধ্যে আরও ৪টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন ঘোষণা করেছে। এর আগে এই বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছিল দলটি।

এখনও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনটি স্থগিত রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে স্থগিত থাকা ৫টির মধ্য থেকে চারটি আসনে নতুন করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এই চারজনের মধ্যে সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। এছাড়াও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে সারা দেশে বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।