ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:০১ পিএম
এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় সামান্য বিলম্ব ঘটতে পারে।
খালেদা জিয়ার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও, ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেওয়ায় এর আগমনে কিছুটা দেরি হতে পারে বলে জানা গেছে।
তবে এই বিলম্ব সত্ত্বেও রাজনীতির শীর্ষ নেত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিশ্চিত বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এদিকে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন যে জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় পৌঁছে তিনি কাতারের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই শাশুড়ি বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে যাবেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সবকিছু বিবেচনা করে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল ১০টার পর সময় লাগতে পারে।
বিএনপি সূত্র আরও জানিয়েছে, ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। সেক্ষেত্রে বিমান ছাড়ার প্রস্তুতি ও আনুষাঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সকালের দিক গড়িয়ে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এই নেত্রীর উন্নত চিকিৎসা এবং দ্রুত আরোগ্যের প্রত্যাশায় সারা দেশবাসীর দৃষ্টি এখন এই লন্ডন যাত্রার দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন