বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ডিসেম্বরের মধ্যেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৩১ পিএম

ডিসেম্বরের মধ্যেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের ৩০০ আসনেই এনসিপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ-মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এই তথ্য জানান।

এ সময় রাজনৈতিক জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, আলোচনা এখনো চলছে।

তিনি জোটের শর্তের বিষয়ে স্পষ্ট করে বলেন, "যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি যারা ধারণ করতে পারবে, তাদের সঙ্গে অ্যালায়েন্সের পথ এখনো খোলা আছে। খুব শিগগিরই এটার আমরা সুন্দর সমাধান দেখতে পাব।"সদ্য ঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির তিন নেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সারজিস আলম যুক্তি দেন, তারা চেষ্টা করেছেন সেইসব মানুষকে কমিটিতে নিতে, যাদের ভালো ইমেজ আছে,

যারা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং ভালো রাজনৈতিক অভিজ্ঞতা ও সচেতনতা আছে। তবে তিনি একটি শর্তের কথা উল্লেখ করেন: "যারা গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের যে কোনো ইউনিটে রানিং পদধারী ছিল, তাদের আমাদের আহ্বায়ক বা সমন্বয় কমিটিতে শুধু পঞ্চগড়ে নয়, বাংলাদেশের কোথাও রাখি নাই।" এর আগে মসজিদ-মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সারজিস আলম ধর্মীয় সম্প্রীতির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, আমরা প্রত্যেকে ধর্মপ্রাণ মুসলমান, আমরা আমাদের নিয়মকানুন ও ধর্মীয় বিধিনিষেধ প্রত্যেকে পালন করব। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে—আমরা যেন আমাদের নিজের আদর্শটা সবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করি। এই চেষ্টার ফল ভয়াবহ এবং এই চেষ্টা যদি আমরা করতে চাই, তাহলে আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অনুকূল কোনো দৃশ্য দেখতে পাব না।