ডিসেম্বর ৪, ২০২৫, ১১:১৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক ও শক্তিশালী নির্বাচন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর পর দেশের মানুষ স্বাধীনভাবে আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এই ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি এবং দীর্ঘ সংগ্রাম করেছি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার মগনামা মৌলভী পাড়ায় মাওলানা জাফর আহমদ মজিদির কবর জিয়ারত শেষে মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
নিজ জন্মভূমি পেকুয়ায় দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসংযোগ করার সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে এবং ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন।
তিনি এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন নির্বাচনী কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় এলে সকল কৃষকের জন্য কৃষিকার্ড প্রদান করা হবে। এই কৃষিকার্ডের মাধ্যমে তারা কৃষিঋণ পাবে এবং কৃষির সমস্ত উপকরণ ন্যায্যমূল্যে সরবরাহ করা হবে।তিনি আরও বলেন, বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। সকল নাগরিকের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্যকার্ড প্রদানের ব্যবস্থা করব। যার হাতে স্বাস্থ্যকার্ড থাকবে, সে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা পাবে।
"সবার জন্য স্বাস্থ্য" এটিই হচ্ছে আমাদের নীতি, যেন কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে। রাজনীতির এই নেতা ফ্যামিলি কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড পরিবারের মুরুব্বির হাতে থাকবে এবং সেই পরিবার প্রতি মাসে ভরণপোষণের জন্য চাল, ডাল, সয়াবিনসহ সকল প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে এবং বিনামূল্যে সরবরাহ পাবে। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে হয়তো সকল নাগরিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা যাবে না, তবে প্রথমবারই ৫০ লাখ থেকে এক কোটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই সময় তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন