ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:৫০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এই উদ্যোগ জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নেত্রীর প্রতি সারাদেশের মানুষের উদ্বেগের চিত্রই তুলে ধরছে।
দোয়ায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, "এই বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আজ বাস্তবায়নের অন্তিম মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তার সুস্থতা কামনা করছি, যাতে তিনি নতুন বাংলাদেশ ও আমাদের স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে নেতৃত্ব দিতে পারেন।
এ সময় দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাতীয় এই নেত্রী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা সংকটজনক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন