ডিসেম্বর ৫, ২০২৫, ১১:০১ পিএম
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সারাদেশের মতো ঢাকা-৫ আসনের রাজনৈতিক অঙ্গনও সক্রিয় হয়ে উঠেছে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী মোঃ ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সব ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি এবং হাতপাখার সমর্থনে শুক্রবার বিকেলে একটি গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ থেকে এই গণপদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ওষুধ ফ্যাক্টরি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণপদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তারা অবিলম্বে হাজী মোঃ ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।গণপদযাত্রায় সভাপতির বক্তব্যে হাজী মোঃ ইবরাহীম বলেন, "আমার বিরুদ্ধে যে সব মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে আমাকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র।" তিনি আরও বলেন, আমি ইনসাফ ও সততার রাজনীতি করি বলেই অপশক্তি আমাকে দমাতে চায়। কিন্তু জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে তার সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রই তাকে সততার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। গণপদযাত্রায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়তুল্লাহসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন