ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৪১ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার বিষয় রয়েছে।
তিনি মনে করেন, সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা করা উচিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, "কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। আমাদের বরাবরই বলা হয়েছে আমরা নাকি নির্বাচনবিরোধী, কিন্তু আমরা নির্বাচন চাই।
তিনি জানান, ওদিকেই যেতে হবে, তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে তিনি মনে করেন না। নাহিদ ইসলাম মন্তব্য করেন, এনসিপি কারো সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। তিনি অভিযোগ করেন, তাদের বিষয়ে অপপ্রচারের চেষ্টা হয়েছে এবং খুব শিগগিরই তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
তৃতীয় একটি জোট গঠন নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, পুরাতনপন্থি যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই তারা নতুন ধারার রাজনীতি করতে চান। নাহিদ ইসলাম রাজনীতিতে ব্যক্তিনির্ভরতা নিয়ে সমালোচনা করে বলেন, দেশের উন্নয়নে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভরতা আছে, তাই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পলিসি পাল্টে যায়।
এর ফলে ব্যবসায়িক গোষ্ঠীগুলোও একটি পক্ষের হয়ে কাজ শুরু করে। তিনি জোর দেন যে, তারা তাদের ভিশন-মিশন কম্প্রোমাইজ করে রাজনীতি করবেন না এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার তাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা। তিনি বলেন, 'চব্বিশের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, এই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে।' তিনি হুঁশিয়ারি দেন, ২৪-এর গণঅভ্যুত্থানের কমিটমেন্ট না রাখলে দেশ বিপর্যয়ের দিকে যেতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন