সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া বিলম্বিত হতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:১৩ এএম

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া বিলম্বিত হতে পারে

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে বলে জানা গেছে। তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি বলে জানা গেছে।

ফলে মেডিকেল বোর্ড এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তার ভ্রমণের জন্য পুরোপুরি নিশ্চিত না করা পর্যন্ত তাকে বিদেশ নেওয়া হবে না।

কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে গতকাল শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, কাতার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শনিবার তাদের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে। এই কারণে চিকিৎসকদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী রোববার তাকে লন্ডনে নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, "তিনি ফ্লাই করতে পারবেন কি না, চিকিৎসকরা সেটি নিশ্চিত করলেই তাকে নিয়ে যাওয়া সম্ভব।"এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে নিয়ে যেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান গতকাল দুপুরে বাংলাদেশ বিমানে ঢাকায় আসেন।

তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে যান। সন্ধ্যায় খবর পাওয়া যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, বরং উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা তার অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা চূড়ান্তভাবে নিশ্চিত করলেই কেবল রোববার লন্ডনে নেওয়া হতে পারে, অন্যথায় খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরও বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। পাশাপাশি তার কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সমস্যা রয়েছে। ফলে চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। একটি সমস্যার উন্নতি হলে নতুন করে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে। ইতোমধ্যে তাকে কয়েক দফা ডায়ালাইসিসও করতে হয়েছে। শরীর থেকে পানি ও কার্বন ডাই-অক্সাইড বের করা এবং অক্সিজেনের মাত্রা ও প্ল্যাটিলেট ঠিক রাখতে চিকিৎসকদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।

এই কঠিন সময়ে চীন থেকে এসেছেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাজ্য থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তারা অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে। শুক্রবার সারাদেশের মসজিদ-মন্দিরে তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।