ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:০৫ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে শনিবার (৬ নভেম্বর) দুপুরের পর তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আবারও হাসপাতালে গিয়েছেন। শাশুড়ি খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার খোঁজখবর নিতেই তিনি এই দ্বিতীয়বার হাসপাতালে যান।
এর আগে, লন্ডন থেকে শুক্রবার ঢাকায় পৌঁছে ডা. জুবাইদা রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে কয়েক ঘণ্টা থেকে দুপুরের দিকে তিনি ধানমন্ডিতে বাবার বাড়িতে যান এবং পরে রাতে আবার হাসপাতালে যান।
তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় রাজনীতির এই নেত্রীর চিকিৎসা এবং বিদেশ যাত্রার বিষয়টি এখন সারাদেশে আলোচনার কেন্দ্রে।
এদিকে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। শনিবার গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। ড. এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এবং তারা এখন সেভাবে প্রস্তুত রয়েছে।
তিনি নিশ্চিত করেন, মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। তিনি আরও জানান, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো আগের মতোই আছে বলে জানা গেছে। একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করতে পারেননি, সে জন্যই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে।
তবে চিকিৎসকরা জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে এবং তার প্রতিবেদন পর্যালোচনা করছেন। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন এবং এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য। গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন