সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণহত্যাকারীর ইচ্ছায় ভারতের কূটনীতি চলতে পারে না: আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:৩৫ পিএম

গণহত্যাকারীর ইচ্ছায় ভারতের কূটনীতি চলতে পারে না: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন বলেছেন, একজন মানবতাবিরোধী এবং গণহত্যাকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি বা কূটনীতি সাজাতে পারে না। তিনি মনে করেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে হবে এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে ভারতে রাখা যাবে না।

শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই কঠোর মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, শেখ হাসিনার মতো খুনীদের শাস্তির আওতায় না আনলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তিনি অভিযোগ করেন, ভারত একে সুযোগ হিসেবে দেখছে এবং তারা নির্বাচনসহ আওয়ামী লীগের সব অপকর্মের সঙ্গী ছিল।

এনসিপির এই নেতা আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক কৌশল নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, কিন্তু বিএনপি ও জামায়াত অস্ত্রের প্রদর্শনী করছে এবং পিস্তল উঁচিয়ে মহড়া করছে। তিনি হুঁশিয়ারি দেন, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। তিনি মনে করিয়ে দেন, সাজোয়া বাহিনী দিয়েও সেই সরকার টেকেনি, তাই যারা এই রাজনীতি করবে, তাদেরও একই পরিণতি হবে।

তিনি পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, পেশাজীবীদের বৈষম্য দূর করতে সিন্ডিকেট ভাঙ্গতে হবে। তাদের রাজনীতি বিমুখ রেখে দেশ এগিয়ে যাবে না। নতুন বাংলাদেশে দলীয় স্বার্থে কোনো পেশাজীবীকে ব্যবহার করা হবে না। তোষামোদি করার মাধ্যমে পদোন্নতি ও সুযোগ-সুবিধা দেওয়া যাবে না। দক্ষতা হবে মানদণ্ড এবং রাজনীতিকে সঠিক পথে আনতে রাজনীতি সচেতন পেশাজীবী থাকতে হবে। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও বক্তব্য রাখেন।

তিনি বলেন, এনসিপি ক্ষমতায় গেলে বা কোনো সরকারের অংশ হলে বেসরকারি চাকরিতেও শনিবার সরকারি ছুটি ঘোষণার উদ্যোগ নিবে। তিনি যুবসমাজকে চাকরি না করে উদ্যোক্তা হওয়ার জন্য বলবেন। তিনি আরও বলেন, এনসিপি কোনো দলের কাছে সিট ভিক্ষা করতে যাবে না, নিজেরা নির্বাচন করবে। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে তাদের এখানে নানা ক্ষেত্রে বিনিয়োগ করা পুঁজি গুটিয়ে পালাতে হবে।