সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব: শিশির মনির

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১৬ পিএম

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব: শিশির মনির

ধর্মীয় অবমাননার অভিযোগে নিজের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে, যা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে তিনি তার অবস্থান পরিষ্কার করেন। এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

বিবৃতিতে শিশির মনির বলেন, "আইনের আশ্রয়লাভের সুযোগ সবার আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুরা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।"

তিনি আইনের শাসনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, "আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।"মামলার আবেদনকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।

আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।মামলার অভিযোগে বলা হয়, শিশির মনির একটি ইউটিউব চ্যানেলে 'রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ' বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে, যা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।