সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:২৭ পিএম

জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল এনসিপি

জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করছে এবং ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগে গতকাল রোববার (৭ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ করে জামায়াত যে বক্তব্য দেয়।

সোমবার (৮ ডিসেম্বর) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে সেই বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয় এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানানো হয়।

এনসিপি মনে করে, জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা।

এনসিপির বক্তব্য অনুযায়ী, ৫ আগস্ট-পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাইছে, যা দেশের জন্য একটি অশুভ সংকেত। এনসিপির দাবি, গত ৬ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণনির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল।

এনসিপি সেই প্রমাণ তুলে ধরে বলেছে যে, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করাকে তারা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয় বলে মনে করে। এনসিপি আরও জানায়, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি। তারা জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।