ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৫১ পিএম
আগামীতে ক্ষমতায় গেলে তিনটি শর্ত পূরণ সাপেক্ষে দেশের সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, "আমাদের অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন।
কিন্তু আমরা ক্ষমতায় গেলে সেই বন্ধুদের নিয়েই তিন শর্তে জাতীয় সরকার গঠন করব।" যদিও তিনি তাঁর শর্তগুলো বিস্তারিতভাবে উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্যের মূল সুর ছিল অর্থনৈতিক সমতা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় এবং দেশে বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে। তিনি মনে করেন, দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।নির্বাচনব্যবস্থা সুষ্ঠু না হওয়ার কারণেই দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, "সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে।
তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে।তিনি আরও বলেন, অনেক দল নির্বাচনের আগে ওয়াদা করে যে ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না। তিনি তাদের প্রতি আহ্বান জানান, "পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।" ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, অনেকে তাঁকে বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজনীয়তার কথা বললেও, তিনি শুধু মহান আল্লাহর কাছেই তাঁর নিরাপত্তা প্রত্যাশা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন