ডিসেম্বর ১২, ২০২৫, ১১:২৫ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানী উত্তপ্ত করে তুলেছে গণঅধিকার পরিষদ (ঢাকা মহানগর দক্ষিণ)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি দৈনিক বাংলা মোড় ও পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন,হাদির ওপর গুলির মধ্য দিয়ে প্রমাণ হয় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।
এর আগে আমাদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপরে হামলার পরও কোনো বিচার হয়নি। সরকারের এই ‘ফিটনেসে’ নির্বাচনের কোনো আলামত আমরা দেখছি না।
তিনি আরও যোগ করেন, আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে এবং প্রশাসন ঢেলে সাজাতে হবে। হাদির ওপর হামলায় আজ ঐক্যবদ্ধ প্রতিবাদ না করলে ভবিষ্যতে সবার অবস্থাই এমন হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অপদার্থ। তাকে যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়, সে উত্তর দেয় পেঁয়াজ আর আলুর দাম কেমনে বাড়ল। কতটা অপদার্থ হলে একজন উপদেষ্টা এমন উত্তর দিতে পারেন!
আবু হানিফ আরও বলেন, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। তিন মাস আগে ভিপি নুরের ওপর হামলার বিচার হলে আজ হাদির ওপর এই নৃশংস হামলা হতো না।গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন:
উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের ও মাহফুজুর রহমান খান।
যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন।
শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।
যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান।
ছাত্র নেতা হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন