রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

স্বাধীনতার প্রকৃত অর্থ এখনও অর্জিত হয়নি: গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:১৯ পিএম

স্বাধীনতার প্রকৃত অর্থ এখনও অর্জিত হয়নি: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও বাংলাদেশের মানুষ সেই প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনও পায়নি। তাঁর মতে, স্বাধীনতার প্রকৃত অর্থ হলো রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকারের পূর্ণ বাস্তবায়ন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে যুব ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি আধিপত্যবাদী শক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, সেই কারণেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত।

তিনি ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি প্রমাণ করেছে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম থাকবে। তবে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সভ্যতায় পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিজয়ের পূর্ণ স্বাদ পাওয়া যাবে না।জামায়াতের সেক্রেটারি জেনারেল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন:১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীকে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।

পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের কাছে নয়, বরং ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করছে, যা স্বাধীন বাংলাদেশের জন্য অপমানজনক।সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

তিনি সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, গোয়েন্দা ব্যর্থতা পর্যালোচনা এবং ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।