ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:০১ পিএম
দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী জুড়ে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতির অংশ হিসেবে ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।
রোববার দুপুর থেকেই বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি নির্দিষ্ট অংশে শ্রমিক ও কর্মীরা মঞ্চ নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেন।
দলীয় নেতারা জানিয়েছেন জনসমাগমের কথা মাথায় রেখে এই স্থানটি নির্বাচন করা হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম চলছে।
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন যে তারেক রহমানের ফেরার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশের নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে তিনি সরাসরি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা স্থলে পৌঁছাবেন।
সেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই বিশাল জনসমাগম সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে দলের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে।এদিকে এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক অনুমতি মিলেছে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী রোববার রাতে সংবর্ধনা আয়োজনের লিখিত অনুমতিপত্র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠিয়েছেন।
অনুমতি পাওয়ার পর প্রস্তুতির গতি আরও বাড়িয়ে দিয়েছে আয়োজক কমিটি। দীর্ঘ ১৮ বছর পর দেশের মাটিতে প্রিয় নেতার আগমণকে স্মরণীয় করে রাখতে পুরো ৩০০ ফিট এলাকা এবং এর আশপাশের রাস্তাগুলো ব্যানার ও ফেস্টুনে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। দেশজুড়ে বিএনপির এই তৎপরতা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন