অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টার সময় নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের কাছ থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পর নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন,
দীর্ঘকাল পর দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি। আজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র তুলতে পেরে আমরা আনন্দিত।
মনোনয়নপত্র উত্তোলনকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর ইসলাম রাজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল এবং যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়ন পাওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।