সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নাহিদকে শুভকামনা জানিয়ে যা লিখলেন ঢাকা-১১ আসনের জামায়াতপ্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৩৯ এএম

নাহিদকে শুভকামনা জানিয়ে যা লিখলেন ঢাকা-১১ আসনের জামায়াতপ্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসনের নির্বাচনী লড়াইয়ে বড় পরিবর্তন এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে এই আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী আতিকুর রহমান।

 রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আতিকুর রহমান তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন—আলহামদুলিল্লাহ।

দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। সংগঠনের সিদ্ধান্তের প্রতি আমরা পরিপূর্ণ অনুগত। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ।

গত ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসা এই জামায়াত নেতা তাঁর কর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, জরিপ অনুযায়ী ঢাকা-১১ আসনে জামায়াতের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছিল। তবে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নাহিদ ইসলামকে জায়গা ছেড়ে দিয়েছেন।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় জোটের ঘোষণা দেন, যার অন্যতম শরিক দল এনসিপি। একই দিন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এবং আধিপত্যবাদী শক্তি ঠেকাতে এই ‘বৃহত্তর ঐক্য’ অপরিহার্য হয়ে পড়েছে।

ঢাকা-১১ আসনটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। জামায়াতের এই শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং আতিকুর রহমানের জনসমর্থন এখন সরাসরি নাহিদ ইসলামের পক্ষে কাজ করবে। ফলে এই আসনে নাহিদ ইসলামের জয়লাভের সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।বিদায়বেলায় আতিকুর রহমান তাঁর সকল সহযাত্রী, বিশেষ করে নারী কর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন।