জানুয়ারি ৪, ২০২৬, ০২:৫৭ পিএম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’ এবং ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি ট্রাকে চড়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট থেকে শাহবাগে এসে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালীন সংগঠনের প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান বলেন, “আগামী ৭ জানুয়ারি শহীদ হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত আমাদের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি চলবে।” তিনি আরও জানান, এই সময়ের মধ্যে চার দফা দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ইনকিলাব মঞ্চ এবং সেখান থেকেই পরবর্তী বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। তবে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাদি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতেই এখন রাজপথে সরব ইনকিলাব মঞ্চ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন