জানুয়ারি ৫, ২০২৬, ০২:৩৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়, তবে এমন নির্বাচনের কোনো প্রয়োজন নেই।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে ‘আজাদীর যাত্রা’ বা পদযাত্রা শুরুর প্রাক্কালে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বিএনপিকেও সতর্ক করেন। তিনি বলেন বিএনপি যদি প্রকৃতপক্ষেই দেশে গণতন্ত্র রক্ষা করতে চায়, তবে প্রশাসনের এই নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও সোচ্চার হতে হবে।
তিনি মনে করেন, কোনো একটি বিশেষ দলের প্রতি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।একই অনুষ্ঠানে এনসিপি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি অভিযোগ তোলেন যে, বর্তমান প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। তিনি বলেন,দেশে আবারও নতুন করে ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের এই পুরোনো গোলামীর পুনরাবৃত্তি দেশের জনগণ আর দেখতে চায় না।
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনের এই তথাকথিত গোলামী’কে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক আচরণ করার অনুরোধ করেন।
এদিন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি-র ‘আজাদী পদযাত্রা’ শুরু হয়। দলটির নেতারা জানান, রাজপথে আন্দোলনের মাধ্যমেই তাঁরা জনগণের ভোটের অধিকার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করবেন। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন