জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৪০ পিএম
নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ প্রধান পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২—এই দুটি আসনেই জাগপা মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত ৩ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান। এরপর ৬ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছিলেন এই নেতা।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর রাশেদ প্রধান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “সারা দেশে বিএনপির ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নপত্র যেভাবে বৈধতা পাচ্ছে, তা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান শুনানির সময় ভাইয়ের পাশে উপস্থিত ছিলেন। আবেগপ্লুত হয়ে তিনি বলেন, “আমি এখানে আজ রাজনৈতিক পরিচয়ে নয়, বরং একজন বোন হিসেবে আমার ভাইয়ের জন্য এসেছি। শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে আমরা দেশের কল্যাণে একতাবদ্ধ আছি।”রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধ হওয়ায় পঞ্চগড়ের নির্বাচনী এলাকায় তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন