জানুয়ারি ১০, ২০২৬, ০৭:০৪ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতীয় হাইকমিশনারের সাথে বিএনপি চেয়ারম্যান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে ধারণা করা হচ্ছে।
এ সময় তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তারেক রহমানের সাথে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই আজ প্রণয় ভার্মা সাক্ষাৎ করলেন। এর আগে আজ বিকেলেই ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস তারেক রহমানের সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বিকেল ৪টার দিকে ইইউ প্রতিনিধি দলটি কার্যালয় ত্যাগ করে।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও বিএনপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রধানের সাথে প্রভাবশালী দেশগুলোর এই ঘন ঘন বৈঠককে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন