জানুয়ারি ১০, ২০২৬, ০৮:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ শরিক দলগুলোর সাথে নির্বাচনি জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যে আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ইইউ প্রতিনিধিদের সাথে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "আমরা ইউরোপীয় ইউনিয়নকে স্পষ্ট জানিয়েছি যে, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত কোনো আত্মবিশ্বাস নেই।
প্রশাসন ও সরকারি কর্মকর্তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, যা একটি পক্ষপাতমূলক বার্তা দিচ্ছে।এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, অনেক ঋণখেলাপির মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। এছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নির্বাচনি পরিবেশে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন, খুনিদের দ্রুত গ্রেফতার করা না গেলে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়বে।জামায়াত ও এনসিপি জোটের আসন বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, ১২ জানুয়ারির ঘোষণার মাধ্যমে তার অবসান হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন