বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:০৯ পিএম

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক সম্পন্ন করেছেন ১১ দলীয় জোটের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের অন্যতম নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান সাংবাদিকদের গুরুত্বপূর্ণ তথ্য জানান।

রাশেদ প্রধান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার মূল দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন।’

জোটের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটাও বলব না, আবার বের হয়ে গেছে—এমনটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে আজ রাত ৮টায়।’

এদিকে, মাওলানা মামুনুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, ১১ দলের মধ্যে ১০ দলের উপস্থিতিতে আজকের বৈঠক সফল হয়েছে। অনুপস্থিত ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমাদের প্রত্যাশা, তাদের সঙ্গে নিয়েই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারব। আজ রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, বৈঠকে উপস্থিত না থাকার কারণ ব্যাখ্যা করেছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তিনি জানান, যে সময়ে তাদের দাওয়াত দেওয়া হয়েছে, সেই স্বল্প সময়ের মধ্যে বৈঠকে যোগদানের প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ নেতারা।